
২৩ জুলাইয়ের স্থগিত সভা দ্রুত আহ্বান না হলে ৪ আগস্ট থেকে শ্রম ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ৩০ জুলাই ২০২৬
লিথি গ্রুপের পাঁচটি কারখানার অধিকারবঞ্চিত শ্রমিকদের আইনানুগ পাওনা দ্রুত নির্ধারণ ও পরিশোধের দাবিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পূর্বঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্বের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শ্রমিকরা বলেন, প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় হাজারো শ্রমিক ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন লিথি গ্রুপের শ্রমিক আমির হোসেন। তিনি বলেন, কারখানা বন্ধ হওয়ার পর দীর্ঘদিন ধরে শ্রমিকরা তাদের আইনানুগ পাওনা থেকে বঞ্চিত রয়েছেন, যার ফলে তারা মানবিক, সামাজিক ও অর্থনৈতিক সংকটে পড়েছেন।
বক্তারা জানান, গত ৬ জুলাই ২০২৬ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২৩ জুলাই পুনরায় বৈঠক করে শ্রমিকদের চূড়ান্ত পাওনা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে নির্ধারিত দিনে সেই সভা অনুষ্ঠিত না হওয়ায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে শ্রমিকদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, মন্ত্রণালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পর্যায়ে গৃহীত সিদ্ধান্ত কেন বাস্তবায়িত হলো না এবং কী কারণে শ্রমিকদের পাওনা নির্ধারণের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা দাবি করেন তারা।
বক্তারা অভিযোগ করেন, শ্রম আইন, ২০০৬-এ নির্ধারিত সুবিধার পরিবর্তে একটি কথিত সমঝোতার মাধ্যমে শ্রমিকদের প্রাপ্য কমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা তারা প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যালয়ে আইনগত এখতিয়ার ছাড়াই সমঝোতার উদ্যোগ নেওয়ার অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলন থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—২৩ জুলাইয়ের স্থগিত সভা দ্রুত আহ্বান, ৬ জুলাইয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ার কারণ প্রকাশ, শ্রম আইন অনুযায়ী পূর্ণ আইনানুগ পাওনা নির্ধারণ ও পরিশোধ, শ্রমিকদের প্রত্যাখ্যাত কোনো সমঝোতা চাপিয়ে না দেওয়া, কথিত সমঝোতা প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
সভাপতির বক্তব্যে আমির হোসেন ঘোষণা দেন, আগামী ৩ আগস্টের মধ্যে সচিবালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের চূড়ান্ত পাওনা নির্ধারণের সভা আহ্বান ও কার্যকর সিদ্ধান্ত না হলে ৪ আগস্ট থেকে শ্রম ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং লিথি গ্রুপের বিভিন্ন কারখানার প্রায় ৫০ জন শ্রমিক অংশগ্রহণ করেন।
শেষে সরকার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত, স্বচ্ছ ও ন্যায়সঙ্গত প্রক্রিয়ায় লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
আয়োজক: লিথি গ্রুপের ৫টি কারখানার অধিকারবঞ্চিত শ্রমিকবৃন্দ।