
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত এপেক্স গ্রুপের বিভিন্ন কারখানায় সৃষ্ট শ্রম অসন্তোষ নিরসনে ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই), গাজীপুর।
অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয় সূত্রে জানা যায়, এপেক্স হোল্ডিংস লিমিটেড, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, এপেক্স ল্যাঞ্জারী লিমিটেড, এপেক্স টেক্সটাইল প্রিন্টিং মিলস লিমিটেড এবং এপেক্স ইয়ার্ন ডাইং লিমিটেড কারখানায় সৃষ্ট শ্রম অসন্তোষ নিরসনের লক্ষ্যে আগামী ৬ জুলাই ২০২৬, সোমবার দুপুর ২টায় গাজীপুরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
উক্ত বৈঠকে সংশ্লিষ্ট সকল পক্ষকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
বৈঠকে উপস্থিত থাকার জন্য যাদের অবহিত করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন শিল্প পুলিশ-২ গাজীপুরের পুলিশ সুপার, বিজিএমইএ’র সভাপতি, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এপেক্স হোল্ডিংস লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং শ্রমিকদের মধ্য থেকে নির্বাচিত ১০ জন প্রতিনিধি।
এ বিষয়ে সহকারী মহাপরিদর্শক মোঃ রবিউল ইসলাম শাওন স্বাক্ষরিত এক সভার নোটিশে জানানো হয়, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বিদ্যমান সমস্যা সমাধান এবং শিল্পে স্থিতিশীলতা বজায় রাখতেই এই ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হয়েছে।
শ্রমিকদের প্রত্যাশা, এই বৈঠকের মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন হবে এবং দ্রুত কারখানাগুলোতে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসবে।
মো: জাহিদ হাসান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী।