
গার্মেন্টস শ্রমিকদে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনে দ্রুত উদ্যোগের দাবি
ঢাকা, ২৩ জুলাই ২০২৬: গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদের সহসভাপতি মো. জাহিদ হাসান তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি বোর্ড অবিলম্বে গঠনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯(৬) ধারা অনুযায়ী প্রতি তিন বছর অন্তর নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ করা বাধ্যতামূলক। তাই সময়মতো নতুন মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু করা জরুরি।
তিনি উল্লেখ করেন, ২০২৩ সালে গঠিত মজুরি বোর্ডের কার্যকাল ২০২৬ সালের এপ্রিলে শেষ হয়েছে এবং বর্তমান মজুরি কাঠামোর তিন বছর পূর্ণ হবে চলতি বছরের ডিসেম্বরে। সেই বিবেচনায় নতুন মজুরি নির্ধারণের জন্য তদন্ত, শুনানি, সুপারিশ ও গেজেট প্রকাশের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হওয়া উচিত ছিল।
মো. জাহিদ হাসান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে খাদ্যপণ্য, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে বর্তমান সর্বনিম্ন ১২,৫০০ টাকা মজুরি দিয়ে একটি শ্রমিক পরিবারের ন্যূনতম জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তিনি মনে করেন, ন্যায্য মজুরি নিশ্চিত হলে শ্রমিকদের জীবনমান উন্নত হবে, উৎপাদনশীলতা বাড়বে এবং শিল্পে স্থিতিশীলতা বজায় থাকবে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে শ্রমিকের ন্যায্য মজুরি, শ্রম অধিকার ও দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা এখন গুরুত্বপূর্ণ বিষয়। তাই নতুন মজুরি কাঠামো নির্ধারণে মূল্যস্ফীতির পাশাপাশি শ্রমিক পরিবারের বাস্তব জীবনযাত্রার ব্যয়, শিল্পের উৎপাদনশীলতা ও রপ্তানি সক্ষমতাও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
শেষে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইন অনুযায়ী অবিলম্বে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন মজুরি নির্ধারণের উদ্যোগ গ্রহণ করা হোক। এতে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের তৈরি পোশাক শিল্প আরও টেকসই ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।
— মো. জাহিদ হাসান
সহসভাপতি, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদ