
কালিয়াকৈর প্রতিনিধি: চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক মোঃ হাবিবুর রহমান সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। হামলার পরপরই তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিকের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলার ঘটনায় সাংবাদিক সমাজ, সহকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও আঘাত। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। হামলার প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক মহল।