
নিজস্ব প্রতিবেদক:
গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদের সভাপতি পারভেজ খন্দকারের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ এপেক্স হোল্ডিং লিমিটেডের শ্রমিকদের সঙ্গে শ্রম আইন ও শ্রমিকদের অধিকার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন।
আলোচনায় শ্রমিকদের বিভিন্ন অধিকার, দায়িত্ব, কর্মপরিবেশ এবং আইনগত বিষয় সম্পর্কে অবহিত করা হয়। এ সময় শ্রমিকরা দ্রুত কারখানা পুনরায় চালুর জন্য নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানান, যাতে তারা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন।
শ্রমিকদের এই দাবির পরিপ্রেক্ষিতে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন এবং শ্রমিকদের স্বার্থ ও মানবিক দিক বিবেচনায় কারখানা পুনরায় চালুর আহ্বান জানান।
পরবর্তীতে মালিকপক্ষ শ্রমিকদের দাবি ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এপেক্স হোল্ডিং লিমিটেডের কারখানাগুলো পুনরায় চালুর সিদ্ধান্ত গ্রহণ করে এবং নোটিশের মাধ্যমে কারখানা খুলে দেওয়ার ঘোষণা দেয়।
এ বিষয়ে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদের সভাপতি পারভেজ খন্দকার বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মসংস্থান ও জীবিকার স্বার্থে শান্তিপূর্ণ আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করাই সংগঠনের মূল লক্ষ্য।