
মাটি মামুন রংপুর :
রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে রংপুর শহরের অন্যতম প্রধান ইয়াবা সরবরাহকারী হিসেবে পরিচিত এক মাদক কারবারিকে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে। ২৮ জুন ২০২৬ রাত সাড়ে ১১টার দিকে নগরীর মুন্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন মহানগর গোয়েন্দা বিভাগের একটি চৌকস দল। এসআই প্রণয় কৃষ্ণ মণ্ডলের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মাসুদুর রহমান টিটু ওরফে মাসুদ রানা টিটু ওরফে টিটু মাদক ব্যবসায়ী (৪৬), পিতা-খলিলুর রহমান খট্টুকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তার হেফাজত থেকে ১০ গ্রাম হেরোইন এবং ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত টিটুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২টিরও অধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। এছাড়া তার নামে একাধিক গ্রেফতারি পরোয়ানা অনিষ্পন্ন অবস্থায় রয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যে জানা যায়,তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও হেরোইন সংগ্রহ করে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারি পর্যায়ে সরবরাহ করতেন। মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থে তিনি নগরীর হনুমানতলা ও ভোগী বালাপাড়া এলাকায় একাধিক পাকা বাড়ি নির্মাণ এবং বিভিন্ন যানবাহনের মালিক হয়েছেন বলেও তথ্য পাওয়া গেছে। পূর্বে ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া একাধিক খুচরা মাদক ব্যবসায়ী জিজ্ঞাসাবাদকালে ইয়াবার অন্যতম সরবরাহকারী হিসেবে টিটুর নাম উল্লেখ করেছিলেন। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ এবং পরিকল্পিত অভিযানের মাধ্যমে অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।